Site icon অবিশ্বাস

গাজীপুরে কালীমন্দিরের ৪টি প্রতিমা ভাংচুর

গাজীপুরে এক মন্দিরের ৪টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনার মিয়াপাড়া এলাকার ‘শ্রী শ্রী কালীমন্দির’-এ ঘটনাটি ঘটে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় পূজারীরা ‘শ্রী শ্রী কালীমন্দির’-এ গিয়ে কালী, নাগিনী, যোগিনী ও শিবসহ ৪টি প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বৃহস্পতিবার রাতের যে কোনও সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ রায় জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ওই জমি থেকে মন্দিরটি উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। ওই মহলের লোকজন বৃহস্পতিবারও মন্দির উচ্ছেদের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়ে ফিরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা রাতে ভাংচুরের এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, শুক্রবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস ও পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

বাংলা ট্রিবিউন

Exit mobile version