Site icon অবিশ্বাস

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও দলের মনোনীত এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মহিলা আওয়ামী লীগের এক নেত্রী।

 

ফেসবুক মেসেঞ্জারে কুপ্রস্তাব প্রদান, অশ্লীল ছবি প্রেরণ, রাস্তা থেকে ধরে নিয়ে জোরপূর্বক ছবি তুলে ব্ল্যাকমেইলিং করা হয়েছে ওই নেত্রীকে। এসব কারণে তার সংসার ভাঙার উপক্রম হয়েছে।

এ অবস্থায় তিনি কেন্দ্রের পাশাপাশি চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে লিখিত অভিযোগ জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেকের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন একই ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসিমা ওয়াদুদ। তিনি বলেন, আমি একা নই, ওয়ার্ডের অনেক নারী কাউন্সিলর বারেকের লালসার শিকার হয়েছেন। মানসম্মানের ভয়ে অনেকেই মুখ খুলছেন না।

নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, একজন নারী কর্মী বা নেত্রী কোনো নেতার লালসার শিকার হবেন তা দুঃখজনক। আমি শুনেছি, কেন্দ্র থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নগর আওয়ামী লীগকে দায়িত্ব দিয়েছেন। দেখি কী ব্যবস্থা নেয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে আবদুল বারেক বলেন, এক আত্মীয় আমার ফেসবুক আইডি চালান। কাকে কী প্রস্তাব বা মেসেজ দেয়া হয়েছে আমি জানি না। তাছাড়া অভিযোগকারী একজন খারাপ মহিলা। নির্বাচনের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

যুগান্তর

Exit mobile version