Site icon অবিশ্বাস

নাটোরের সিংড়ার সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণের অভিযোগ আঃ লীগ নেতার বিরুদ্ধে

নাটোরের সিংড়ার প্রত্যন্ত অঞ্চল পূর্ব মাগুড়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের বেঁধে রেখে মারপিট করে লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাড়ির মালিক কনক চন্দ্র প্রামাণিক ও রাধা রানী নামে দু’জন আহত হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১টার দিকে সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল পূর্ব মাগুড়া গ্রামের কনক চন্দ্র প্রামাণিকের ছেলে সুব্রত এর ঘরের দরজা ভেঙ্গে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ৮ থেকে ১০জনের একটি দুর্বৃত্ত দল প্রবেশ করে। এসময় পরিবারের অন্যান্য লোকজন বের হয়ে হই-চই শুরু করলে রাধা রানী ও শ্রী কনক চন্দ্র প্রামাণিককে মারধর করে বেঁধে রাখে দুর্বৃত্তরা।

এসময় নগদ টাকা সহ আনুমানিক ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় হিন্দু দম্পতি রাধা রানী ও  কনক চন্দ্র প্রামাণিককে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের হাত-মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভিক্টিম রাধা রানী উপজেলার ইটালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র

Exit mobile version