Site icon অবিশ্বাস

নোয়াখালীতে গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, দুইজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে ২৩ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দোয়ালিয়া গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ইসলাম ও রুদ্রুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে বাবু।

নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে স্থানীয় ‘সন্ত্রাসী’ হারুন, সাইফুল ও বাবুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে তারা তার স্বামী ও পরিবারের সদস্যদের হুমকিও দিয়ে আসছিল।

বৃহস্পতিবার রাতে ৬০-৭০ জন সন্ত্রাসী তাদের বাড়ি ঘেরাও করে। এ সময় তিনি বাসায় একা ছিলেন। পরে হারুন, সাইফুল ও বাবু দরজা ভেঙে ঘরে ঢুকে শাশুড়িকে মারধর করে তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে ওই গৃহবধূর অভিযোগ।

এ সময় সন্ত্রাসীরা ঘরে ভাঙচুর করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে ‍উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে হাসপাতালে পাঠায়।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, এ ঘটনায় রাতেই তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করে ওই গৃহবধূর স্বামী মামলা করলে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

“এ সময় আসামিদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।”

বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি নিউজ

Exit mobile version