Site icon অবিশ্বাস

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার এক কিশোরীকে (১৪) অপহরণ করে ধর্ষণে অভিযুক্ত সাগর সর্দার (২৪) নামে এক যুবককে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

ওই মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে নিলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

গ্রেফতার মো. সাগর সর্দার (২৪) শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার ছওগাঁ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের সর্দার বাড়ির নূর মোহাম্মদ সর্দারের ছেলে।

ভিকটিমের অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সাগরের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের পর সাগর তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর শুক্রবার বিকালে ওই কিশোরী নিজের বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে পরিকল্পিতভাবে সাগর তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে একাধিক বার ধর্ষণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, মেয়ে বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগী কিশোরীর বাবা ২১ আগস্ট বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ডিএমপি ভাটারা থানা পুলিশের সহায়তায় এসআই আবদুল আলিম বুধবার দিবাগত রাত ২টায় একটি বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করেন।

বাংলা ট্রিবিউন

Exit mobile version