পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শিশুটির মা রোববার সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মুক্তার খাঁ পলাতক আছে। মুক্তার খাঁ স্থানীয় সাহাপুর গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
শিশুটির মা অভিযোগে জানান, বাড়ির পাশে বাচ্চাটি খেলছিল। এ সময় চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।
এ বিষয়ে সুজানগর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি গত কয়েক দিন আগের হলেও পুলিশকে বিষয়টি না জানিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। সমাধান না হওয়ায় রোববার মেয়েটির পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
