Site icon অবিশ্বাস

বাগেরহাটের কচুয়ায় এক বছর ধরে ধর্ষণ, জানাজানি হওয়ার পর মামলা

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক তরুণীকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে।

 

এ ঘটনায় ১৮ বছর বয়সী ওই তরুণীর বাবা মঙ্গলবার কচুয়া থানায় মামলা করেছেন। অভিযুক্ত নিজাম শেখ উপজেলার উত্তর মাধবকাঠী গ্রামের আলতাফ শেখের ছেলে।

নির্যাতনের শিকার তরুণী জানান, দেড় বছর আগে প্রতিবেশী নিজাম শেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে সে বিভিন্নভাবে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ করে।

তিনি জানান, পরবর্তীতে বিভিন্ন সময় একাধিকবার তাকে ধর্ষণ করে নিজাম। গত ২ জুলাই রাতে সর্বশেষ তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়রা দেখে ফেললে পরিবারকে জানানো হয়।

ভুক্তভোগী নারী জানান, তার বাবাসহ স্থানীয়রা নিজাম শেখকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এরপরই মামলা করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

সমকাল

Exit mobile version