Site icon অবিশ্বাস

বান্দরবানে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বান্দরবানের রুমা উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে করা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে রুমা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম সমর কান্তি দত্ত (৫৬)। তিনি উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর সে শিক্ষক সমর কান্তি দত্তের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। একদিন প্রাইভেট পড়ানোর সময় তিনি ছাত্রীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন। ভয়ে-লজ্জায় মেয়েটি ঘটনাটি কাউকে এত দিন জানায়নি। ওই ঘটনার পর থেকে সমর দত্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে যেতে বলতেন। কিন্তু মেয়েটি তাঁর কাছে আর যাচ্ছিল না। গত বুধবার ভিডিও চিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান। মেয়েটি ঘটনা তার বড় বোনকে খুলে বলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গতকাল রাতে রুমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

প্রথম আলো

Exit mobile version