Site icon অবিশ্বাস

বিশিষ্ট ব্যক্তিদের হত্যার পরিকল্পনা, ভাটারায় জেএমবি সদস্য গ্রেফতার

রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভাটারা থানার প্রগতি সরণি রোডের যমুনা ফিউচার পার্ক মার্কেটের দক্ষিণ পাশে বসুন্ধরা রোডে মো. ফয়সাল খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১ টি মেমোরি কার্ড, ২টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশটের কপি উদ্ধার করা হয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ফয়সাল খান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলো। বৈঠকে অংশগ্রহণকারী সবাই জেএমবি’র বিভিন্ন স্তরের সদস্য। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হতে যাচ্ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি ফয়সাল খান এবং তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনে সহায়তা, সহযোগিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version