ভোলার বোরহানউদ্দিনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও গর্ভপাত করে নবজাতককে খালের পানিতে ভাসিয়ে দেয়ার ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার অপরাধে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ এপ্রিল বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাচড়া ইউনিয়নের স্থানীয় ৯ নং ওয়ার্ডের সদস্য শাহাজল হক ও রিকশা চালক আবু তাহের ও কৃষক সফিজল গণি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, এ ঘটনায় ধর্ষিতা ওই নারী বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় ধর্ষণ, গর্ভপাত ও স্বাভাবিক বিচার কাজ ব্যহত করার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
