ভোলার লালমোহনে মসজিদের কালেকশনের টাকা জমা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। ১ মে শুক্রবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন জানান, স্থানীয় নুর মিয়া জামে মসজিদের সভাপতি হারুন মেম্বার পূর্ব পরিকল্পিত তার দলবল নিয়ে জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেন। নামাজের খুতবার আগে কালেকশন করা টাকা তার কাছে জমা রাখার দাবি করে উত্তেজনা সৃষ্টি করেন। পরে নামাজ শেষ করে বাইরে নামলেই তার লোকজন জসিম উদ্দিন ও তার ছেলে শাখাওয়াতসহ বেশ কয়েকজনকে এলাকাপাথারি হামলা করে রক্তাক্ত জখম করেন।
অপরদিকে হারুন মেম্বার বলেন, আমি এখনও মসজিদ কমিটির সভাপতি। নুর মিয়া জামে মসজিদটি সরকারি খাস সম্পদের উপর নির্মিত। কিন্তু প্রায় দেড়’শ বছর ধরে নুর মিয়া মৌলভী বাড়ির লোকজন অবৈধভাবে মসজিদের নামে প্রায় ৬৫ শতাংশ জমি দখল করে ভোগ করছেন। এ নিয়ে কেউ কথা বললেই নুর মিয়া মৌলভী বাড়ির লোকেরা স্থানীয় সাধারণ মানুষকে মারপিট করেন। নুর মিয়া মৌলভী বাড়ির ক্যাডারদের হামলায় সোহেল, মনির, কাউসার, রাকিব ও আব্দুর রবসহ ৭-৮ জন আহত হয়েছেন।
