Site icon অবিশ্বাস

লোহাগড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দলগত ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ছয়জনকে আসামি করে ওই ছাত্রীর বাবা লোহাগড়া থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের অন্তর শেখ (২১) ও রঘুনাথপুর গ্রামের তুষার শেখ (২০) ও নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের লিকু ফকির (২৪)। মামলার অন্য আসামিরা হলেন লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের জামিরুল শেখ (১৯) এবং সরুশুনা গ্রামের মিশাম শেখ ও আশরাফুল শেখ।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অন্তর শেখের প্রেমের সম্পর্ক ছিল। ৫ জুন রাত আটটার দিকে অন্তর শেখ ওই ছাত্রীকে ফোন করে ডেকে নেন। তাঁরা তুষারের ইজিবাইকে করে কল্যাণপুর গ্রামে যান। সেখান থেকে লিকু ও জামিরুল ইজিবাইকে ওঠেন। এরপর তাঁরা ইজিবাইকে শালনগর ইউনিয়নের ভদ্রডাঙ্গাবাতাসি গ্রামের জোড়াব্রিজের পাশে যান। সেখানে রাস্তার পাশে পাটখেতে রাত ৯টা থেকে ১০টার মধ্যে অন্তর, লিকু ও জামিরুল ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

 

পরে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে সরুশুনা গ্রামে অন্তরের এক আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে রেখে আসেন। ঘটনার পর সরুশুনা গ্রামের মিশাম শেখ ও আশরাফুল শেখ থানায় মামলা না করতে এবং বিষয়টির মীমাংসার জন্য চাপ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার পরিদর্শক হরিদাস রায় জানান, গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তেও অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্রথম আলো

Exit mobile version