Site icon অবিশ্বাস

সোনারগাঁয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৭ এপ্রিল বুধবার রাত ৮ টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল মজুমদার তৌহিদ নামে ওই সাংবাদিক বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে সনমান্দি ইউয়িনের অলিপুরা ব্রিজ এলাকায় ঘুরতে যান। পরে রাতে বাসায় ফেরার পথে বাংলাবাজার এলাকায় রুমান, মনির হোসেন, রবিউল্লাহ, দিদারসহ ৫/৬ জনের একদল বখাটে ও মাদকসেবী তার স্ত্রীকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে নোংরা কথাবার্তা বলে। এসময় রিকশা থেকে নেমে প্রতিবাদ করলে বখাটেরা এক পর্যায়ে তার ওপর হামলা চালায়। হামলাকারী মনির হোসেন তার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন তৌহিদ ও তার স্ত্রীকে উদ্ধার করে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদ বলেন, আমি ওই এলাকায় স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই। ফেরার পথে চরলাল এলাকার কয়েকজন মাদকসেবী ও বখাটে স্ত্রীকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে নোংরা কথাবার্তা বলে। আমি এর প্রতিবাদ করায় তারা আমার ওপর অহেতুক হামলা চালায়। আমাকে মারধর করে কাছে থাকা একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় আমি বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমকাল

Exit mobile version