গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বুজরুক পাকুরিয়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১১ মার্চ বুধবার রাতে ওই ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটক ধর্ষকের নাম লিমন সরদার (১৭)। সে পার্শ্ববর্তী তরফজাহান গ্রামের সেকেন্দার সরদারের ছেলে এবং এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ নিয়ে সাদুল্যাপুর থানায় মামলা করা হয়েছে।
থানা সূত্র জানায়, রং নম্বরে মোবাইল ফোনে কল করা থেকে লিমন সরদারের সঙ্গে পরিচয় হয় সপ্তম শ্রেণির ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে লিমন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বুধবার রাতে আবারও ওই ছাত্রীকে ধর্ষণকালে ওই ছাত্রীর বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজনের সহায়তায় লিমন সরদারকে আটক করে সাদুল্যাপুর থানায় সোপর্দ করেন।
সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা জানান, আটক লিমন সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুকে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। পরে এ নিয়ে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে (গতকাল বৃহস্পতিবার) দুপুরে লিমন সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে লিমন সরদারকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।












