নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালতে ভুক্তভোগী শিশু ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশের কোর্ট এএসআই তাহামিনা আক্তার।

 

এর আগে ৭ অক্টোবর জেলার সোনারগাঁ থানার পশ্চিম সনমান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্ত মো. সোহেল মিয়াকে (২০) ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহেলের বাড়ি সোনারগাঁ থানার পশ্চিম সনমান্দি গ্রামে।

পুলিশ জানায়, ৭ অক্টোবর রাতে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে নিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিল। এ সময় রাস্তায় আগে ওৎ পেতে থাকা সোহেল ছোট বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কাউকে কিছু না বলার জয় ভয়ভীতি দেখিয়ে দুই বোনকে ছেড়ে দেয় সে।

এদিকে বাসায় ফিরে ভুক্তভোগীকে চুপচাপ শুয়ে থাকতে দেখে তার মায়ের সন্দেহ হয়। পরে এ নিয়ে জিজ্ঞাসা করলে ভুক্তভোগীর ছোট বোন তার বাবা-মাকে সব খুলে বলে।

পরে ভুক্তভোগী শিশুর বাবা সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(১) ধারায় সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে বিষয়টি জানাজানি হলে শুক্রবার এলাকাবাসী সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “আসামি সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন