রাজধানীর রামপুরা থানা এলাকায় দুই নারীকে ‘ধর্ষণের’ অভিযোগে মুশফিক আলম ভূইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পেশায় একজন বাবুর্চি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ফকির দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী ওই দুই নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর ওই দুই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি আছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই দুই নারী রামপুরা আব্দুল্লাহবাগ জামে মসজিদ গলিতে একটা বাসায় একই রুমে ভাড়া থাকতেন। গত ১ ও ৯ জানুয়ারি পৃথকভাবে মুশফিক দুই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ওই দুই নারী যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসায় মুশফিক আলম রান্না করতেন। তারাও সেখানে খাওয়া-দাওয়া করতেন। বৃহস্পতিবার এক নারী ওই বাসায় খেতে গেলে তাকে ধর্ষণ করেন মুশফিক। এর আগেও ১ জানুয়ারি একইভাবে অপর এক নারীও মুশফিকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ওই দুই নারী একত্রিত হয়ে রামপুরা থানায় মুশফিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।












