নওগাঁর ধামইরহাটে আদিবাসীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও জমি জবর দখলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচারের জন্য ৮ দিন ধরে অসহায় ভুক্তভোগী আদিবাসী বিধবা নারী ঘুরছেন দ্বারে দ্বারে। আদিবাসী ওই বিধবা নারীর নাম শ্রীমতি দিপালী হেমরম। তিনি মৃত জগাই হেমরমের স্ত্রী।
![]()
জানা গেছে, গত ১৪ মার্চ জীবিকার জন্য দিনমজুরের কাজ করতে মাঠে যান বিধবা শ্রীমতি দিপালী হেমরম। এই সুযোগে প্রতিপক্ষ ওবাইদুল রশিদ ওরফে সাদ্দাম ও সাইফুলসহ ৭-৮ জন দিপালীর বাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরের টিন ও ছাউনির ক্ষতি করে। এসময় বিদেশ যাওয়ার জন্য ঘরে রাখা ৫০ হাজার টাকা, ১ মণ চাল, ২ মণ আলু ও স্বর্ণালংকারসহ মোট ৭০ হাজার টাকার ক্ষতি হয় বলেও জানা গেছে।
দিপালী রাণীর অভিযোগ, দুপুরের খাবার খেতে বাড়িতে আসলে বিবাদী ওবায়দুল ইসলাম দিপালীকে মারপিট ও শ্লীলতাহানী করে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে এক সপ্তাহ ঘুরেও কোনো সুবিচার পাননি।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ‘জমি-জমা সংক্রান্ত ঘটনাটি গতকাল আমাকে আদিবাসী নেতৃবৃন্দ অবহিত করেছে, আমরা বিষয় খতিয়ে দেখছি।’












