কুমিল্লার লাকসামে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রাশেদুল ইসলাম (২৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ অক্টোবর বুধবার সকালে গ্রেপ্তার ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর গ্রামের মো. আবদুল খালেকের ছেলে। তিনি স্থানীয় কোরবান আলী দারুল ফোরকানীয়া নুরানী মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফোরকানীয়া নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ওই ছাত্রী প্রতিদিনের মত ৬ অক্টোবর মঙ্গলবার মাদ্রাসায় আসে। ছুটি শেষে শিক্ষক রাশেদুল ইসলাম তাকে ডেকে নিয়ে শ্রেণিকক্ষের ভিতরে আটকে যৌন নিপীড়ন করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার এবং ওই শিক্ষককে আটক করে।
এই ঘটনায় স্থানীয় মাতব্বর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।












