পাবনায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হামচিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে তার পরিবার জানিয়েছে।

 

নিহত ছাত্রী হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত স্কুলছাত্রীর মা জানান, বাড়িতে ফিরে মেয়েকে ঘরের মেঝেতে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা বলেন, প্রায় এক বছর ধরে তাদের এক প্রতিবেশী তরুণ ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। বাধ্য হয়ে তারা মেয়েকে তার নানাবাড়ি পাঠিয়ে দেন।

সম্প্রতি স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়িতে আসে সে। বুধবার দুপুরে মেয়েটির রিকশাচালক বাবা ও মা বাড়ির বাইরে থাকার সুযোগে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে ওই তরুণ বলে অভিযোগ করছেন তিনি।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন