মানিকগঞ্জে এক কিশোরীকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ অক্টোবর শুক্রবার অসুস্থ ওই কিশোরীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের জাভেদ হোসেন (২৬) বৃহস্পতিবার রাতে বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় নিয়ে যান। এর পর কিশোরীকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণের পর তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুরে পরিবারের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
কিশোরীর মা জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বেলা ১১টার দিকে মেয়ে ফোন করে ঘটনাটি জানান। এর পর বেলা ১২টার দিকে বানিয়াজুরী এলাকায় মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ‘বিয়ের আশ্বাস দিয়ে আমার মেয়েকে জাভেদ ধর্ষণ করে। এরপর স্বর্ণালঙ্কার নিয়ে সে পালিয়ে যায়,’ অভিযোগ করেন তিনি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’












